ভালুকায় মানবিক উদ্যোগে আলোচনায় এসি ল্যান্ড ইকবাল হোসাইন
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের জন্য বসার স্থানের ব্যবস্থা করে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
সাধারণত ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়—এই বাস্তবতাকে বদলে দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন এসি ল্যান্ড ইকবাল হোসাইন। তাঁর নির্দেশে অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন এবং সেবা গ্রহণে কোনো ভোগান্তির শিকার না হন।
এ প্রসঙ্গে এসি ল্যান্ড ইকবাল হোসাইন বলেন,“ভূমি অফিস জনগণের সেবার স্থান। এখানে যারা আসেন, তারা যেন সম্মান ও আরামের সঙ্গে সেবা পান—এটাই আমাদের লক্ষ্য। বসার ব্যবস্থা ছাড়াও সেবাগ্রহীতাদের তথ্য জানাতে ও সহায়তা দিতে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও ডিজিটাল সেবার মাধ্যমে এখন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও খাস জমি ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে।”
ভূমি অফিসের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারাও। তাদের একজন বলেন, “আগে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো, এখন বসে আরামে অপেক্ষা করতে পারছি। এই পরিবর্তনটা সত্যিই প্রশংসনীয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “মানবিক দৃষ্টিভঙ্গিতে সেবা উন্নয়নের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। জনগণের সেবায় ভূমি অফিসকে আরও আধুনিক ও জনগণবান্ধব করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।”
সাধারণ মানুষের সেবা সহজতর করতে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয়রা বলছেন, ভালুকা ভূমি অফিস এখন সত্যিকার অর্থেই “জনবান্ধব ভূমি অফিস”-এ রূপ নিচ্ছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































